নাইজেরিয়ার রাজধানী আবুজার অদূরে একটি জনাকীর্ণ বাস স্টপেজে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৭১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১২৪ জন। শক্তিশালী এ বোমা হামলায় ১৬টি বিলাসবহুল বাস ও ২৪টি মিনিবাস বিধ্বস্ত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
কর্মস্থলের উদ্দেশে রওনা হওয়ার জন্য বাসে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন বাস স্টপেজে দাঁড়িয়ে থাকা বহু মানুষ। ভোর ৬টা ৪৫ মিনিটে বিকট শব্দে বিস্ফোরণে চারপাশের এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণে রাজধানী থেকে প্রায় ১০ মাইল দূরে নিয়ানিয়া মোটর পার্ক এলাকার মাটিতে ৪ ফুট বা ১ দশমিক ২ মিটার গভীর গর্ত তৈরি হয়। ঘটনাস্থলের চারপাশে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
এখন পর্যন্ত কোন জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, কট্টরপন্থী সংগঠন বোকো হারামের জঙ্গিরা এ হামলা চালিয়েছে।
এ ধরনের কাপুরুষোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং হতাহতদের পরিবারের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে গভীর শোক সমবেদনা প্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন। এদিকে যুক্তরাষ্ট্রও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
এ ঘটনায় অবিলম্বে তদন্তের আহ্বান জানিয়েছে দেশটি। এ বছর নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ৩টি প্রদেশে বোকো হারাম জঙ্গিদের হামলায় দেড় হাজারেরও বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
[b]
ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]