ইবোলা মহামারী আকারে ছড়িয়ে পড়ায় সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে বেনিনে অনুষ্ঠিতব্য আফ্রিকান দেশগুলোর স্বাস্থ্য মন্ত্রীদের এক জরুরি বৈঠক স্থগিত করা হয়েছে। রোববার একজন সরকারি কর্মকর্তা একথা বলেন।

পশ্চিম আফ্রিকার ক্ষুদ্র এই রাষ্ট্রটি ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) আফ্রিকান দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের কমিটির ৬৪তম অধিবেশন আয়োজনের পরিকল্পনা করে।

বেনিনের পররাষ্ট্রমন্ত্রী নাসিরু আরিফারি বাকো বলেন,‘ হু কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গুরুত্বপূর্ণ বৈঠকটি স্থগিত করা হয়েছে।’

বোকো আরো জানান, ‘ইবোলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি সর্বাত্মক সংহতি প্রকাশের জন্যে এ সিদ্ধান্ত নেয়া হয়।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সভায় আফ্রিকার প্রায় ৪০টির বেশি দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে আশা করা হয়েছিল।

বেনিনে এখনো পর্যন্ত কারো ইবোলা আক্রান্ত হওয়ার কথা জানা যায়নি। তবে প্রতিবেশী নাইজেরিয়ার অর্থনৈতিক রাজধানী লাগোস থেকে বহু মানুষ প্রতিদিন বাণিজ্যের জন্যে দেশটিতে আসে। নাইজেরিয়ায় ১৪ জন ইবোলায় আক্রান্ত হয়। এদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়।

বছরের শুরু থেকে এ রোগ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়লে গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিয়নে ১৪০০-এর বেশী লোক মারা যায়। সূত্র: এএফপি
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই