উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে হামলা চালানোর জন্য মার্কিন জঙ্গি বিমান ইরাকের ঘাঁটি থেকেই আকাশে উড়বে বলে ওয়াশিংটন ঘোষণা করেছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর- পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবি বৃহস্পতিবার বলেছেন, ইরাকের স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলের একটি ঘাঁটি থেকেই এসব জঙ্গি বিমান আইএসআইএলের বিরুদ্ধে হামলা পরিচালনা করবে।
এতদিন এ সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে হামলায় ব্যবহৃত জঙ্গি বিমানগুলো ইরাকের বাইরে মার্কিন যুদ্ধজাহাজগুলো থেকে উড্ডয়ন করেছে। অবশ্য মার্কিন হেলিকপ্টার গানশিপগুলো ইরাকের ভেতরে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকেই আকাশে উড়েছে।
আইএসআইএল বিরোধী হামলায় কী ধরনের জঙ্গি বিমান অংশ নেবে বা এ ধরনের কতগুলো বিমান এ কাজে মোতায়েন করা হবে সে সম্পর্কে কিরবি কিছু জানাননি। তিনি বলেছেন, এ সংক্রান্ত সুনির্দিষ্ট সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার এক ভাষণে বলেছেন, ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে বিমান হামলা জোরদার করবে তার দেশ। মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ রক্ষার লক্ষ্যে এ হামলা চালানো হবে বলে তিনি জানান। এ পর্যন্ত প্রায় ৪০টি দেশ এ হামলায় আমেরিকাকে সঙ্গ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে।
তবে ইসলামি প্রজাতন্ত্র ইরান সন্ত্রাস বিরোধী এ অভিযানের ব্যাপারে আমেরিকার সদিচ্ছার ব্যাপারে ঘোরতর সংশয় প্রকাশ করেছে। তেহরান বলেছে, মার্কিন সরকারই অর্থ ও অস্ত্র দিয়ে আইএসআইএলকে হৃষ্টপুষ্ট করেছে। কাজেই ওয়াশিংটন এখন পুরোপুরি স্ববিরোধী যে অবস্থান ঘোষণা করেছে তাতে আস্থা রাখা যায় না।
এছাড়াও মার্কিন সরকার ইরাকে আইএসআইএল বিরোধী হামলায় ইরাকের সেনাবাহিনীকে সহযোগিতা করলেও সিরিয়ায় সেদেশের সেনাবাহিনীর বিরুদ্ধ শক্তিকে সহযোগিতা করার যে সিদ্ধান্ত নিয়েছে তাতেও ক্ষোভ প্রকাশ করেছে তেহরান।
উল্লেখ্য, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ২০১২ সালে ইরাক ও সিরিয়ার সীমান্তবর্তী দেশ জর্দানে আইএসআইএলকে সামরিক প্রশিক্ষণ দেয়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতের লক্ষ্যে মূলত ওই প্রশিক্ষণ ও সমরাস্ত্র দেয় ওয়াশিংটন।
কিন্তু ওই ঘটনার দু’বছরেরও কম সময়ের মধ্যে আমেরিকার ছত্রছায়ায় বেড়ে ওঠা সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল আমেরিকার বিরুদ্ধেই অস্ত্র ধরে বসে। সাম্প্রতিক সময়ে তারা দু’জন মার্কিন সাংবাদিককে হত্যা করার পর মার্কিন সরকার এখন আইএসআইএলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





