চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে একটি রাসায়নিক কারখানার সামনে বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছেন।

আজ (২৮ নভেম্বর) বুধবার উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের ঝাঙজিয়াকো শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

সেখানকার স্থানীয় প্রশাসন জানিয়েছে, বুধবারের ওই বিস্ফোরণ আরও ২২ জন আহত হয়েছে। খবর রয়টার্সের।  

ঘটনার পর চীনের রাষ্ট্রীয় মিডিয়া বিস্ফোরণস্থলের যে ভিডিও প্রকাশ করেছে সেখানে কালো ধোঁয়া ও আগুন জ্বলতে দেখা গেছে। আর ঘটনাস্থলের প্রকাশ পাওয়া ছবিতে রাস্তায় পুড়ে যাওয়া গাড়ি ও ট্রাকের সারি দেখা গেছে।

সরকারি সূত্রের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, ওই বিস্ফোরণের পর ৫০টি গাড়িতে আগুন ধরে যায়।

এদিকে ওই বিস্ফোরণের পর পাশেই থাকা হেবেই শেনগুয়া কেমিক্যাল ইন্ডাস্ট্রি কো.-র উৎপাদন বন্ধ করে দেয়া হয়। ওই বিস্ফোরণটি তাদের কারখানায় ঘটেনি বলে নিশ্চিত করেছেন হেবেই শেনগুয়ার মালিক প্রতিষ্ঠান ক্যামচায়না।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের পর ধরে যাওয়া আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছে দমকলবাহিনী।

রাজধানী বেইজিংয়ের ১৫৬ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত এই ঝাঙজিয়াকো শহর। ২০২২ সালে রাজধানী বেইজিংয়ের সঙ্গে এই শহরেও শীতকালীন অলিম্পিকস অনুষ্ঠিত হবে।

এমবি