তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন নেদারল্যান্ডস’র রানি ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতি। সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে তাকে রানীকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
জাতিসংঘ মহাসচিব বান কি মুনের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার জন্য অর্থনৈতিক সেবার সচেতনতা বাড়ানোই ডাচ রানির এ সফরের উদ্দেশ্য।
রানির সফরকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপকভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সপ্তাহখানেক আগ থেকেই ঢাকায় অবস্থান করছে ডাচ নিরাপত্তা বাহিনীর একটি দল। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এ সফরে রানি ম্যাক্সিমা রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
এর বাইরে সুশীল সমাজের প্রতিনিধি, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগী অংশীদারদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।
পাশাপাশি ঢাকার বাইরে গাজীপুরে সফরের কথাও রয়েছে রানির। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে গাজীপুর সফরের বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন করে জাতিসংঘের এই বিশেষ দূতের সফরের বিভিন্ন দিক তুলে ধরবে ইউএনডিপি। ওইদিন রাতেই ঢাকা ছাড়বেন ম্যাক্সিমা।
এআই





