পাকিস্তানের আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে পুলিশ। দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বাসভবন অভিমুখে যাওয়ার সময় ইমরান খান ও তাহিরুল কাদরির সমর্থকদের ওপর টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ।
আজ শনিবার রাতে ইমরান ও কাদরির নেতৃত্বে হাজার হাজার আন্দোলনকারী নওয়াজ শরীফের বাসভবন অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হওয়ার পর তাঁদের ওপর টিয়ার শেল ছোড়া হয়।
নওয়াজ শরীফের পদত্যাগ চেয়ে ১৫ আগস্ট থেকে ইসলামাবাদে পার্লামেন্টের বাইরে ইমরান ও কাদরির সমর্থকেরা অবস্থান করছেন। তবে নওয়াজ শরীফ এই আন্দোলনকে ‘ছোটখাটো ঝাপটা’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এই আন্দোলনের মুখে তাঁর পদত্যাগের প্রশ্নই আসে না।
এনডিটিভি বলেছে, আজ রাতে পার্লামেন্ট ভবন এলাকা থেকে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হওয়া শুরু করে। শুরুতে পুলিশ বাধা না দিলেও এক পর্যায়ে তারা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তারা টিয়ারশেল ছোড়া শুরু করে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইমরান খান তাঁর সমর্থকদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে বলেছেন।
ইমরান ও কাদরির অভিযোগ, গত নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে নওয়াজ ক্ষমতা দখল করেছেন। এ কারণে তাঁকে সরে দাড়াতে হবে।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





