অব্যাহত সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে দুই বছর ধরে জারি থাকা জরুরী অবস্থা শেষ হওয়ার পটভূমিতে নতুন করে এক বিতর্কিত সন্ত্রাসবিরোধী আইন পাস করলো ফ্রান্সের পার্লামেন্ট।

গতকাল (বুধবার) থেকে পুরোনো আইনের পরিবর্তে নতুন এই আইন কার্যকর করা হয়েছে বলে জানা গেছে, খবর টিআরটিওয়ার্ল্ড।

ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রন (Emmanuel Macron) মঙ্গলবার নতুন এই আইনের পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে বলেন, এখনো সন্ত্রাসবাদ ফ্রান্সের জন্য এক বড় হুমকি।

এদিকে, নতুন এই বিতর্কিত আইন পর্যালোচনা করে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই আইন দেশটির পুলিশকে আরো ক্ষমতাবান করে তুলবে। এর ফলে পুলিশ এখন থেকে কাউকে গ্রেফতার, মুসলমানদের ধর্মীয় ইবাদতখানা মসজিদ বন্ধ এবং সন্দেহভাজন যে কারো চলাফেলার ওপর আদালতের পর্যবেক্ষণ ছাড়াই বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে আরো বেশি ক্ষমতা লাভ করলো।

উল্লেখ্য, ২০১৫ সালের নভেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর থেকে দেশে জরুরী অবস্থা জারি করা হয় যা অচিরেই তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি।

গত তিন বছরে ফ্রান্সে সন্ত্রাসী হামলার ঘটনায় ২৪০জনেরও বেশি লোকের প্রাণহানী ঘটেছে। শুধুমাত্র চলতি বছরেই এখন পর্যন্ত ১১টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে দেশটিতে। এছাড়া আরো ১৪টি সন্ত্রাসী হামলার পরিকল্পনা রুখে দেয়া হয়েছে।

এদিকে, সিরিয়া ও ইরাক থেকে ফ্রান্সে বেশ কিছু জঙ্গি ফেরত আসার পর নতুন করে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছেন দেশটির কর্তা ব্যক্তিরা।

আর এমনই প্রেক্ষাপটে কেউ কেউ মনে করছেন এ অবস্থায় কঠোর আইন প্রণয়নের কাজটি যথোপযুক্ত হয়েছে। তবে, অনেকের মতে এই নতুন আইন দেশটির মানুষের নাগরিক অধিকার ক্ষুণ্ন করবে।

কেবি