ন্যাশনাল হেরাল্ড পত্রিকার মামলায় শনিবার জামিন পেয়েছেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহ-সভাপতি রাহুল গান্ধী।

৫০ হাজার রুপির বন্ডের বিনিময়ে তাদের জামিন মঞ্জুর করেছেন ভারতের দিল্লির পাতিয়ালা হাউস আদালত। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

বাদীপক্ষের আইনজীবী মামলা চলাকালীন সোনিয়া ও রাহুলের বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞার আবেদন জানান। কিন্তু বিচারক তা নাকচ করে দেন।

এ দিন জামিন মঞ্জুরের পর পরবর্তী হাজিরার জন্য ২০ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছেন আদালত। ওইদিনও মা-ছেলেকে স্বশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার হাজিরার দিন সোনিয়া ও রাহুলের অল্প কিছুক্ষণ আগে আদালতে পৌঁছান প্রিয়াঙ্কা গান্ধী। তিনি রাহুলের পক্ষে জামিনদার হন।

জওহরলাল নেহরুর প্রতিষ্ঠা করা ন্যাশনাল হেলাল্ড পত্রিকার তহবিল তছরুপের দায়ে সোনিয়া গান্ধী ও তার ছেলে রাহুল গান্ধীসহ ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

কংগ্রেসের পক্ষ থেকে এ মামলাকে ক্ষমতাসীন বিজেপির ‘ঘৃণ্য রাজনৈতিক কূটকৌশল’ বলে আখ্যা দেওয়া হয়েছে। তবে বিজেপি এ অভিযোগ অস্বীকার করেছে।

এসএইচ