চীনের দক্ষিণাঞ্চলীয় শহর লিউশেংয়ে ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনও জানাতে পারেনি স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
বৃহস্পতিবার ওই শহরের একটি ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে এক খবরে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে।
এর আগে গতকাল বুধবার একই শহরে ডাকবাহী প্যাকেজে রাখা বোমার বিস্ফোরণে অন্তত সাতজন নিহত ও অর্ধ শতাধিকের বেশি আহত হন।
নতুন এ বিস্ফোরণে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে খবরে। এ ব্যাপারে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
বুধবারের হামলার খবরে স্থানীয় গুয়াংশি ডেইলি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, লিউশেংয়ে এদিন স্থানীয় সময় বিকেল সোয়া ৩টা থেকে ৫টার মধ্যে ১৭টি বিস্ফোরণের ঘটনা ঘটে।
ওই শহরের একটি হাসপাতাল, স্থানীয় বাজার, একটি শপিংমল, একটি বাস স্টেশন ও কয়েকটি সরকারি ভবনে বিস্ফোরণগুলো ঘটানো হয়। সরকারি ভবনগুলোর মধ্যে একটি কারাগার ও একটি ডরমেটরিও আছে।
এআর





