অনেক উৎসাহ আর উদ্দিপনার মধ্য দিয়ে পুরো সৌদিআরবে আজ উদযাপন করছে জাতীয় দিবস। পৃথিবীর অন্যান্য দেশের জাতীয় দিবসের মত সৌদি আরবও অত্যন্ত আনন্দঘন পরিবেশের মাধ্যমে এই দিবস উদযাপন করছে।

এই দিবসটি মূলত সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস। ১৯০২ সালের ১৫ জানুয়ারি সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজীজ আব্দুর রহমান আল সৌদ এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে তার পৈত্রিক শহর রিয়াদ দখল করেন। দীর্ঘ প্রায় ৩২ বছর সংগ্রামের পর ১৯৩২ সালের ২১ মে এক রাজকীয় ফরমানের মাধ্যমে আরবের বিভিন্ন অংশের একত্রিকরণের ঘোষণা দেয়া হয়।

পরবর্তীতে একই বছর ২৩ সেপ্টেম্বর আধুনিক সৌদি আরব গঠিত হয়। সেই থেকে ২৩ সেপ্টেম্বর দিনটিকে সৌদি আরবের জাতীয় দিবস হিসেবে গণ্য করা হয়। সৌদি আরবের প্রতিটি নগরীতে আলাদা আলাদাভাবে জাতীয় দিবস পালন করছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহা.শহীদুল ইসলাম সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি সরকার ও সেদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

জাতীয় দিবস উপলক্ষে সরকারি এবং বেসরকারি সকল প্রতিষ্ঠান দুই দিনের ছুটি পেয়ে থাকে। তা ছাড়াও সৌদি নাগরিকদের জন্য থাকে আলাদা বোনাস।রাষ্ট্র যতটা না দিবসটি উদযাপন করে, নাগরিকরা করে তার চেয়ে বেশি।

দেশটির রাজধানী রিয়াদে আটটি স্থান নির্ধারণ করা হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ ইভেন্ট সংগঠিত হবে।আয়োজকদের একটি সূত্র থেকে জানা গেছে, নির্ধারিত আট স্থানেমঙ্গলবার বিকাল থেকে সামরিক পারফরমেন্স, বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম,

পরিবারের সকল সদস্যদের জন্য উপযুক্ত ক্রীড়া অনুষ্ঠান, লেজার শো এবং আতশবাজির আয়োজন করা হয়েছে সরাসরি সরকারের তত্ত্বাবধানে। জাতীয় দিবস উপলক্ষে যেমনটি সাজানো হয়েছে সৌদি আরবের শহরগুলোকে, তেমনি নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর