মেক্সিকান সেনাবাহিনীর একটি হেলিক্প্টারে গুলিতে তিন সেনা নিহত এবং ১২ জন আহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জালিসকোয় এ ঘটনায় ঘটে।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক চোরাচালানিদের হামলার মুখে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

জালিসকো নিউ জেনারেশন গ্রুপ নামে একটি সন্ত্রাসী সংগঠন হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে এক সরকারি কমকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে শুক্রবার শহরে ব্যাপক সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৭ জন নিহত ও ১৫ জন আহত হন। এসময় যানবাহনে আগুন ও পেট্রোল স্টেশনে ভাঙচুর করা হয়। পরে বেশ কয়েকজন মাদক পাচারকারীকে আটক করে পুলিশ।

শহরের মেয়র অ্যারিস্টোটেলস স্যানডোভাল বলেন, মাদক পাচারকারীদের আটকের জবাবে হেলিকপ্টারে গুলি চালানো হয়।

জালিসকো নিউ জেনারেশন মেক্সিকোয় সবচেয়ে ক্ষমতাবান সন্ত্রাসী সংগঠন। এরাই দেশটির অধিকাংশ মাদক পাচারের সঙ্গে জড়িত বলেও জানান তিনি।

উল্লেখ্য, শহরে গত দুই মাসে মাদক পাচারকারীদের হামলায় ২০ জনের বেশি পুলিশ সদস্য নিহত হয়।

কেএইচ