রুশপন্থি স্বাধীনতাকামীরা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইউক্রেনে নতুন ফ্রন্ট খুলেছে। আজভ সাগরের তীরবর্তী নোভোয়াজোস্ক শহর এরই মধ্যে তারা দখল করে নিয়েছে।

রুশপন্থিদের হামলায় ইউক্রেন বাহিনী এ শহর থেকে সরে গেছে বলে সাংবাদিক ও সামরিক সূত্র থেকে জানান হয়েছে। রুশপন্থি স্বাধীনতাকামীরা এখন গুরুত্বপূর্ণ বন্দর মারিউপোলের দিকে এগিয়ে যাচ্ছে ।

ফ্রিলেন্স সাংবাদিক পিটার শিলোমোভস্কি বিবিসি'কে বলনে, বিদ্রোহীরা ইউক্রেনিয়ান আর্মিদের অবস্থান লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর আর্মিরা নোভোয়াজোস্ক ছেড়ে চলে যায়।

ইউক্রেন দাবি করছে, রুশ বাহিনী সীমান্ত পাড়ি দিয়ে ঢুকে পড়েছে এবং হামলায় বিদ্রোহীদের সহায়তা করছে।
অবরুদ্ধ দোনেতস্ক এবং লুহানস্ক শহর থেকে ইউক্রেন বাহিনীর মনোযোগ সরিয়ে আনার চেষ্টা রাশিয়া করছে বলে সন্দেহ করা হচ্ছে। এ দুই শহরে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যথেষ্ট অগ্রগতি লাভ করেছে ইউক্রেন বাহিনী ।

এদিকে, রুশপন্থি স্বাধীনতাকামীদের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা দেয়ার অভিযোগ অস্বীকার করেছে মস্কো সরকার। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যে ভূমি সংযোগ স্থাপনে মরীয়া হয়ে উঠেছে রুশপন্থিরা। এতে সফল হলে সমগ্র আজভ সাগর তাদের নিয়ন্ত্রণে চলে আসবে।

যুক্তরাষ্ট্র বলছে, তাদের ধারণা ইউক্রেনের বিদ্রোহীরা রাশিয়ার নির্দেশনা অনুসারে আক্রমণ শুরু করার জন্য প্রস্তুত হচ্ছে। সূত্র: বিবিসি

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই