পাকিস্তানে অধা-সামরিক বাহিনীর অভিযানে ১০ জনেরও বেশি অভিযুক্ত জঙ্গী নিহত হয়েছে। রোববার দেশটির বেলুচিস্তান প্রদেশের দেরা বুগতি জেলার গান্দিয়ারি শহরে এ অভিযান চালানো হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটিতে বিচ্ছিন্নতাবাদীরা ট্রেন, সেতু এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলা চালিয়ে থাকে।
আধা-সামরিক বাহিনীর মুখপাত্র মনজুর আহমেদ বার্তাসংস্থা এএফপি'কে বলেছেন, "গান্দিয়ারি  শহরে পরিচালিত অভিযানে অবৈধ বেলুচিস্তান রিপাবলিকান আর্মি'র(বিআরএ) ১০ জঙ্গী নিহত হয়েছে বলে আমরা নিশ্চিত করতে পারি"। তিনি আরো বলেন, শহরটিতে জঙ্গীরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে সকালে অভিযান চালানো হয়।
তবে মৃতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই-বাছাই করা যায়নি।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয় রয়েছে। তাদের অভিযোগ, প্রদেশটির প্রাকৃতিক সম্পদ শোষণ করা হচ্ছে। সূত্র: ডন অনলাইন।
[b]ঢাকা, ০৮ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]