ভারত মহাসাগরে আবহাওয়ার উন্নতি হওয়ায় মালয়েশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের সন্ধানে বিভিন্ন বিমান ও জাহাজের সাহায্যে বুধবার আবারো অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে।
এদিকে ওই নিখোঁজ বিমানের আরোহীদের পরিবারের বিক্ষুব্ধ সদস্যরা বিমানটির ভাগ্যে কি ঘটেছিলো সে ব্যাপারে আরো খোলাসা করার দাবি জানিয়েছেন।
খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের পার্থ থেকে অনুসন্ধান অভিযান বন্ধ থাকলেও সেখানে আবহাওয়ার উন্নতি হওয়ায় বুধবার এ অভিযান আবারো শুরু করা হয়েছে। এ অভিযানে ১২টি বিমান অংশ নিয়েছে।
অনুসন্ধান অভিযানে এই প্রথমবারের দক্ষিণ কোরিয়ার বিমান যোগ দিচ্ছে।
অনুসন্ধান অভিযান সমন্বয়কারী অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথরিটি জানায়, তিনটি এলাকাকে ভাগ করে আজকের অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে। ৮০ হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে এ অভিযান চালানো হচ্ছে। সূত্র:এএফপি
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি) // টিআই[/b]