মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশাল সমাবেশ ও শোভাযাত্রা করেছেন।
গতকাল (১৪ নভেম্বর) শনিবার (স্থানীয় সময়) বিকেলে ‘মিলিয়ন মেগা মার্চ’ নামের ওই সমাবেশ করা হয়। সমর্থকদের ওই সমাবেশে মোটর শোভাযাত্রা নিয়ে যোগ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরাবরের মতোই তিনি সেখানে অভিযোগ করেন, নির্বাচনে ভোট চুরি হয়েছে।
এরই মধ্যে ওই সমাবেশের আশপাশ থেকে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ এবং সহিংস আচরণের জন্য তাঁদের গ্রেফতার করা হয়। সংবাদমাধ্যম ফক্স নিউজ এই খবর জানিয়েছে।
এদিকে, দূর-দূরান্ত থেকে ট্রাম্প সমর্থকেরা ওই সমাবেশে অংশ নেন। সেখানে অনেকের হাতেই ছিল যুক্তরাষ্ট্রের পতাকা, ব্যানার ও ফেস্টুন। এছাড়া সমাবেশে তাঁরা যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করেন।
ওই সমাবেশে একটি গ্রুপকে লক্ষ্য করা যায়, যারা দক্ষিণ কোরিয়া থেকে ট্রাম্পকে সমর্থন দেওয়ার জন্য ওই সমাবেশে জড়ো হয়েছে। তাদের হাতে ট্রাম্পের সমর্থনে বিভিন্ন ব্যানার দেখা যায়।
পরে টুইটবার্তায় ট্রাম্প বলেন, জর্জিয়ায় ভোট গণনা করে লাভ হবে না। কেননা মূল সমস্যা হলো, ডাকযোগে আসা ভোটের স্বাক্ষর জাল করা হয়েছে এবং ভোটের ফল পাল্টে দেওয়া হয়েছে।
গত ০৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের পর থেকে ভোট জালিয়াতির অভিযোগ করে আসা প্রেসিডেন্ট ট্রাম্প আবার নতুন করে কোনো প্রমাণ ছাড়াই ২৭ লাখ ভোট সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ তোলার কয়েক ঘণ্টা পর ভোট জালিয়াতির অভিযোগ সরাসরি নাকচ করে নির্বাচনী কর্মকর্তারা বিবৃতি দিয়েছেন। খবর বিবিসি’র।
এমবি





