উত্তর কোরিয়ায় আটক দুই মার্কিন নাগরিক ম্যাথিউ টোড মিলার এবং কেনেথ বে মুক্তি পেয়েছেন। ছাড়া পাওয়ার পর শনিবার দুজনই দেশের উদ্দেশে রওয়ানা হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
ওই দুই নাগরিকের মুক্তির বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্র জানায়, উত্তর কোরিয়া সফরে থাকা মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পচিরচালক জেমস ক্লাপারের সঙ্গেই তারা দেশে ফিরছেন।
এর আগে গত মাসে জেফরি ফোয়েল নামের আর এক মার্কিনীকে মুক্তি দিয়েছিল উত্তর কোরিয়া। দেশটিতে বর্তমানে আর কোনো মার্কিন নাগরিক আটক নেই।
এদিকে ম্যাথিউ টোড মিলার এবং কেনেথ বে‘র ছাড়া পাওয়ার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, ওই দুই ব্যক্তি এবং তাদের পরিবারের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্র বরাবরই তাদের নাগরিকদের আটকে রাখার ঘটনায় উত্তর কোরিয়া সরকারের ব্যাপক সমালোচনা করে থাকে। তাদের অভিযোগ, তাদের নিরীহ লোকজনকে আটক করার মধ্যমে কূটনৈতিকভাবে ফায়দা লুটতে চায় পিয়ংইয়ং সরকার। তবে তাদের এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে উত্তর কোরিয়া।
এআর





