জার্মানির অন্তত ৪০০ নাগরিক ইসলামিক স্টেট (আইএস)-এর পক্ষে যুদ্ধ করতে সিরিয়া ও ইরাকে গেছে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।
তিনি বলেন, আমাদের হিসাবে প্রায় ২০ হাজার আইএস ইরাক ও সিরিয়ায় যুদ্ধে লিপ্ত রয়েছে। এর মধ্যে ইউরোপের দুই হাজার নাগরিক রয়েছে। সম্ভবত এর মধ্যে অন্তত ৪০০ জন জার্মানির নাগরিক।
তিনি আরো বলেন, আইএস-এর বিরুদ্ধে লড়াইয়ে ইরাকের কুর্দিস্তানে সামরিক সহায়তা পাঠানো হবে কি না সে বিষয়ে আগামী রোববার তার দেশ সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, আমরা বর্তমান পরিস্থিতিতে শুধু এ কথা বলতে পারি না যে, আমাদের কোনো কিছু করার নেই বরং আমরা এর সঙ্গে জড়িয়ে পড়েছি।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ারও ইরাকে আইএস-এর বিরুদ্ধে লড়াই করতে এবং আইএস-এর প্রভাব বিস্তার ঠেকাতে কুর্দিদেরকে সামরিক সহায়তা পাঠানোর সুপারিশ করেছেন।
তিনি বলেন, “জার্মান সরকার এ বিষয়ে এখনো সিদ্বান্ত নেয়নি। তবে আমি বিশ্বাস করি আগামী রোববার অনুষ্ঠেয় বৈঠকে একটি কার্যকরী সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে।"
পাশ্চাত্যের যে সব ব্যক্তি এই যোদ্ধা গোষ্ঠীর হয়ে ইরাক ও সিরিয়ায় যুদ্ধে লিপ্ত রয়েছে, তারা নিজ নিজ দেশে ফিরে ওই সব দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি সৃষ্টি করবে বলে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো আশংকা করছে। সূত্র: আইআরআইবি
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





