পাকিস্তানের সামরিক বাহিনী দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় গোলযোগপূর্ণ সীমান্ত এলাকার একটি জঙ্গি কম্পাউন্ডকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে তিন ইসলামপন্থী জঙ্গি নিহত হয়েছে।

এই প্রথমবারের মতো দেশে তৈরি ড্রোন বিমান ব্যবহার করল পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী সোমবার জানিয়েছে।

মার্চ মাসে পাকিস্তান দেশে তৈরি ‘বুরাক’ ড্রোনের সফল পরীক্ষা চালানোর ঘোষণা দেয়। এই বিমান লেসার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। যুক্তরাষ্ট্র, চীন ও ইসরাইলসহ যে অল্প কয়েকটি দেশ ড্রোন নির্মাণ করে তাদের সঙ্গে পাকিস্তানের নামও যুক্ত হল।

পাকিস্তানের সামরিক মুখপাত্র মেজর জেনারেল অসিম বাজওয়া টুইটারে বলেন, ‘পাকিস্তান আজ প্রথমবারের মতো দেশে তৈরি ড্রোন বুরাক ব্যবহার করল। এটি শাওয়াল উপত্যকায় অবস্থিত এক সন্ত্রাসী কম্পাউন্ডে আঘাত করে। এতে তিন কুখ্যাত জঙ্গি নিহত হয়েছে।’

শাওয়াল উপত্যকা আফগান সীমান্তবর্তী উপজাতীয় গোলযোগপূর্ণ এলাকা উত্তর ওয়াজিরিস্তানে অবস্থিত। এখানে গত জুন মাসে পাকিস্তানী সেনাবাহিনীর অভিযান চালানোর পর থেকে তালেবান জঙ্গিদের সঙ্গে পাকিস্তানী সেনাবাহিনীর সংঘর্ষ চলছে।

জেডআই