লিবিয়ায় মার্কিন বিমান হামলায় চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন।
শুক্রবার দেশটির দেরনা এলাকার একটি বাড়িতে এ হামলা চালানো হয় বলে পেন্টাগন জানিয়েছে।
নিহত আবু নাবিল ওরফে উইসাম নজম আব্দ জিয়াদ আল জুবায়েদি এর আগে আল-কায়েদার হয়ে কাজ করেছেন।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি পিটার কুক বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারিতে আইএস কপটিক খ্রিষ্টানদের হত্যার যে ভিডিওচিত্র প্রকাশ করেছিল, তাতে মুখপাত্র ছিলেন নাবিল।
তিনি বলেন, নাবিলের মৃত্যুর ফলে লিবিয়ায় আইএসের যে কার্যক্রমে ভাটা পড়বে, যার মধ্যে রয়েছে আইএসের নতুন সদস্য সংগ্রহ, লিবিয়ায় ঘাঁটি নির্মাণ এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বহিঃআক্রমণের পরিকল্পনা।
কুক বলেন, ‘লিবিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এটি প্রথম বিমান হামলা নয়। তবে সেখানে আইএসের নেতার ওপর যুক্তরাষ্ট্রের প্রথম হামলা এটি। আমরা যে অন্যান্য আইএস নেতার ওপরও হামলা চালাব, এটি তারই প্রমাণ।’
নাবিলের ওপর মার্কিন হামলার সিদ্ধান্ত অবশ্য প্যারিসে আইএসের হামলার আগেই হয়েছিল বলেও জানান কুক।
এসএইচ





