ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-তে অন্তর্ভূক্তির জন্য নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে তুরস্ক। কর্মপরিকল্পনায় ইইউ-তে অন্তর্ভূক্তির পথে তুরস্কের জন্য যেসব বাধা বা শর্ত রয়েছে সে ব্যাপারে নির্দেশনা রয়েছে। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।

তুরস্ক তাদের এই কর্মপরিকল্পনার নাম দিয়েছে 'ন্যাশনাল প্রোগ্রাম ফর দ্যা অ্যাডপশান অব দি ইইউ অ্যাকুইস'। ইইউ'র সদস্য হওয়ার জন্য যেসব শর্ত মেটাতে হবে, সেজন্য প্রয়োজনীয় নীতি-আইন এবং অনুচ্ছেদ যুক্ত করা হবে।

তুরস্কের ইউরোপিয়ান ইউনিয়ন বিষয়ক মন্ত্রী ভলকান বোঝকির এ ব্যাপারে বলেন, "নতুন কর্মপরিকল্পনার প্রধান যে তিনটি বিষয় থাকছে সেগুলো হলো- রাজনৈতিক পুনর্গঠন পদ্ধতির নিশ্চয়তা, আর্থ-সামাজিক উন্নয়নের জন্য অগ্রসরমান নীতি প্রণয়ন এবং তথ্য প্রবাহে ইতিবাচকতা আনা।"

তিনি আরও বলেন, "গত এক যুগে আমরা দুই হাজারেরও বেশি নীতিমালা তৈরি করেছি এ ব্যাপারে। কেবল গত বছর থেকেই ১৭০টি নতুন নীতিমালা তৈরি করা হয়েছে।"

এর আগে ২০০৮ সালে এ ধরনের কর্মপরিকল্পনা প্রকাশ করেছিল তুরস্ক। বোঝকির আরও জানান, ইইউ-তে অন্তর্ভূক্তি হওয়ার বিষয়টি নীতিগত নয়, বরং রাজনৈতিক।

উল্লেখ্য, তুরস্কের ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভূক্ত হওয়ার পেছনে সবচেয়ে বড় বাধা হচ্ছে সাইপ্রাস ইস্যু এবং ফ্রান্স ও জার্মানির ভেটো।

এসএমএ