রাশিয়ার এক সেনার বিরুদ্ধে প্রতিবেশী দেশ আর্মেনিয়ার একটি গ্রামের একই পরিবারের ছয় জনকে হত্যার অভিযোগ উঠেছে। ওই সেনা সদস্যের শাস্তির দাবিতে আর্মেনিয়ায় হাজারো লোক বিক্ষোভ-মিছিল বের করলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছে।

আর্মেনিয়ায় অবস্থিত রাশিয়ার সামরিক ঘাঁটির এক সেনা ভ্যালারি পারমায়াকভ সোমবার গুমরি শহরের এক গ্রামের একই পরিবারের ছয় জনকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ ওঠে। নিহতদের মধ্য দুই বছরের এক কন্যাশিশু রয়েছে। এরপর থেকে ওই সেনাকে রাশিয়ার ওই ঘাঁটিতে আটক রাখা হয়েছে।

আর্মেনিয়ার রাজধানী ইরেভান থেকে ১২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত গুমরি শহরে বৃহস্পতিবার নিহতের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। হাজারে মানুষ ওই শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান শেষে বিক্ষোভ-মিছিল বের করেন।

বিক্ষোভকারীরা আর্মেনিয়ার দ্বিতীয় বৃহৎতম শহর গুমরিতে অবস্থিত রাশিয়ার কনস্যুলেট কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশের সঙ্গে ওই সংঘর্ষ হয়।

ক্রেমলিন জানিয়েছে, এ ঘটনা তদন্তে তারা প্রতিজ্ঞাবদ্ধ। হত্যাকাণ্ডে ওই সেনা সদস্য জড়িত থাকলে উপযুক্ত শাস্তি পাবে। তবে ওই সেনাকে আর্মেনিয়ার কর্তৃপক্ষের কাছে হস্তান্তরে অস্বীকৃতি জানিয়েছে ক্রেমলিন। সূত্র : বিবিসি।

কেএইচ