নাইজেরিয়ায় বোমা হামলার ঘটনায় অন্তত ১০ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। তবে কিছু সূত্র হতাহতের সংখ্যা আরও বেশি হবে বলে জানিয়েছে।
পুলিশ বলেছে, উত্তর-পূর্ব নাইজেরিয়ার গম্বি বাস স্ট্যান্ডে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই হামলায় অন্তত ১৩টি বাস ধ্বংস হয়। পরে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়।
গম্বির সঙ্গে দেশটির তিনটি রাজ্যের সীমান্ত রয়েছে। বোকো হারামের সঙ্গে দেশটির সেনাবাহিনীর সংঘর্ষ শুরুর পর থেকে ওই তিন রাজ্যে জরুরি অবস্থা চলছে। সর্বশেষ হামলার ব্যাপারে দেশটির বিদ্রোহী সংগঠন বোকো হারামকে সন্দেহ করা হলেও সংগঠনটির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
এদিকে, বোকো হারাম আদামাওয়া রাজ্যের বাণিজ্যিক কেন্দ্র মুবি শহরের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে বলে খবরে বলা হয়েছে। ২০১৩ সালে আদামাওয়া, বর্নো ও ইউবি রাজ্যে জরুরি অবস্থা জারির পর বোকো হারাম প্রথম এতো বড় একটি শহরের নিয়ন্ত্রণ নিলো।
সম্প্রতি নাইজেরিয়া সরকার বোকো হারামের সঙ্গে অস্ত্রবিরতির আলোচনার কথা বললেও বাস্তবে এর কোনো লক্ষণ দেখা যায়নি। উল্টো সরকারের ওই ঘোষণার পর দেশটিতে কয়েকটি অপহরণ ও হামলার ঘটনা ঘটেছে। সূত্র: বিবিসি।
কেএইচ





