আগুনে পুড়িয়ে নৃশংসভাবে এক ফিলিস্তিনি শিশুর মৃত্যুর ঘটনায় হাজার হাজার ইসরায়েলিরা বিক্ষোভ করছেন। তারা বসতি স্থাপনকারী ইহুদিদের বিরুদ্ধে আগুন দিয়ে মানুষ মারার মতো ঘৃণ্য কাজের প্রতিবাদ করছেন।
শুক্রবার সকালে ইসরায়েলের দখল হওয়া পশ্চিম তীরের নাবলুস শহরের দক্ষিণের একটি গ্রামে ১৮ মাসের এ শিশুকে পুড়িয়ে হত্যা করে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা।
দু'টি বাড়িতে ইহুদিবাদীরা পেট্রোলবোমা ও ককটেল ছুঁড়ে হামলা চালায়। এতে বাড়ি দুটিতে ভয়াবহভাবে আগুন ধরে যায়। এ ঘটনায় ১৮ মাসের শিশু আলী সাদ দাওয়াবশা পুড়ে মারা যায়।
শিশুটির বাবা একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন যে তার অবস্থা সঙ্কটাপূর্ণ। তার মা রেহাম ও চার বছর বয়সী ভাই আহমেদ তেল আবিবের একটি হাসপাতালে ভর্তি আছেন। ডাক্তাররা জানিয়েছেন, রেহামের জীবন মরাত্মক হুমকির মধ্যে আছে এবং অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে।
শিশুটির এক চাচাসহ প্রায় দুই হাজার মানুষ তেল আবিবে এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছেন। পিস নাউ সেটেলমেন্ট ওয়াচডগ নামক একটি সংগঠন একটি র্যালির আয়োজন করেছে।
পিস নাউ সংগঠনটির পরিচালক ইয়ারিভ বলেন, "বসতি স্থাপনকারীদের হিংস্রতার বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেয়া এবং পুনরায় শান্তি প্রক্রিয়া শুরু করতে সরকারের প্রতি আমরা দাবি জানাচ্ছি।"
জেরুজালেমেও কয়েকশ' মানুষ পশ্চিত তীরে আগুন দেয়ার ঘটনায় বিক্ষোভ করছেন। তাদের মধ্য থেকে একজন ভাষণে বলেছেন, "ঘৃণার আগুন সারা দেশে ছড়িয়ে পড়েছে। হিংস্রতা, ঘৃণা আর মিথ্যার আগুন বিশ্বাসকে বিচূর্ণ করে দিয়েছে।"
জেডআই





