আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে ‘বিশৃঙ্খল প্রার্থী’ বললেন দলের আরেক মনোনয়নপ্রত্যাশী জেব বুশ।
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের আয়োজনে রিপাবলিকান প্রার্থীদের বিতর্ক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
গত ৩ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ায় মুসলমান দম্পতির বন্দুকহামলায় ১৪ জন নিহত হয়। এ ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান। ট্রাম্পের ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জেব বুশ তাকে বিশৃঙ্খল প্রার্থী হিসেবে আখ্যা দেন।
মনোনয়ন জনপ্রিয়তার জরিপে ট্রাম্প থেকে পিছিয়ে থাকা জেব বুশ বলেন, ‘ডোনাল্ড বেশ মজার মানুষ। তবে সে বিশৃঙ্খল প্রার্থী এবং সে প্রেসিডেন্ট হিসেবে বিশৃঙ্খলই হবে।’
তিনি বলেন, ট্রাম্প মুসলমানদের বিষয়ে যে পরিকল্পনার কথা জানিয়েছে সেটি কোনো গুরুত্ব বহন করে না।
তবে জেব বুশের সমালোচনার জবাবে ট্রাম্প বলেছেন, ‘ সে তার নির্বাচনী প্রচারণায় হেরে গেছে, এটা পুরোপুরি বিপর্যয়।’
তিনি বলেন, ‘আমরা বিচ্ছিন্নতার কথা বলছি না, আমরা নিরাপত্তার কথা বলছি। আমরা কোনো ধর্মের বিষয়ে কথা বলছি না, আমরা আমাদের নিরাপত্তার বিষয়ে কথা বলছি। আমাদের দেশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।’
এমএ





