ইউক্রেনের ক্রাইমিয়া প্রদেশটি দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার অংশ হবে না-কি ইউক্রেনের সঙ্গেই থাকবে— এই প্রশ্নে আজ ক্রাইমিয়াতে গণভোট।
এই গণভোটের বৈধতা নিয়ে শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবে রাশিয়া ভেটো দিয়েছে। গণভোটের আগে রাশিয়া ও ইউক্রেনের নানাস্থানে ক্রেমলিনের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ-সমাবেশ হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি করা ওই প্রস্তাবে বলা হয়েছিল যে ক্রাইমিয়ার মস্কোপন্থী সরকারের ডাকা ওই গণভোটের কোন বৈধতা নেই।
জাতিসংঘের এই প্রস্তাবে মোট ১৩টি দেশ ভোট দিয়েছে।আর ভোটদানে বিরত থেকেছে রাশিয়ার মিত্র হিসেবে পরিচিত চীন।
জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের দূত সামান্থা পাওয়ার বলেছেন, ইউক্রেনে অবৈধ হস্তক্ষেপের কারণে রাশিয়াকে ফল ভোগ করতে হবে। তিনি বলেছেন, ক্রাইমিয়া আজ ইউক্রেনের অংশ, আগামীকালও তাই থাকবে এবং আগামী সপ্তাহেও তাই থাকবে।
[b]অস্থিরতা বিরাজ করছে ক্রাইমিয়াতে[/b]
রাশিয়ার সাথে যোগ দেয়ার প্রশ্নে গণভোটের প্রাক্কালে ইউক্রেন অঞ্চলে পরিস্থিতি চরম অস্থির অবস্থায় রয়েছে। গণভোটের প্রাক্কালে ইউক্রেন বলছে তাদের উত্তর ক্রাইমিয়ার ভূখণ্ডে রাশিয়া সামরিক উপস্থিতি শুরু করেছে।
ইউক্রেনের সীমান্ত রক্ষীরা বলছে স্ট্রিলকোভ নামে একটি গ্রামের বাইরে হেলিকপ্টারে করে শতাধিক সৈন্য সেখানে নেমেছে। তাদের সহযোগিতা করতে সাঁজোয়া যান দেখা গেছে।
তবে অবিলম্বে সেখান থেকে রাশিয়ার সৈন্য সরিয়ে নিতে বলেছে কিয়েভ । তারা আরও বলছে এ ধরনের অনুপ্রবেশ ঠেকানোর জন্য যে কোন পদক্ষেপ নেয়ার অধিকার তাদের আছে।
অবশ্য এ বিষয়ে কোন স্বাধীন সূত্র নিশ্চিত করে কিছু বলছে না এবং মস্কোর পক্ষ থেকেও কোন বক্তব্য আসেনি।
[b]ওবামা ও ইউক্রেন প্রধানমন্ত্রীর বৈঠক[/b]
ইউক্রেনের প্রধানমন্ত্রী আরসেনি ইয়াৎসেনইউক গত বুধবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করেন৷ এ সময় ওবামা মস্কো ও কিয়েভের মধ্যে চলমান অচলাবস্থায় ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকবে বলে আশ্বাস দেন৷ ইউক্রেন কোনো অবস্থায়ই সার্বভৌমত্ব বিসর্জন দেবে না বলে জানান ইয়াৎসেনইউক৷ আর তিনি ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার উদ্যোগে প্রশংসা করেন৷
এদিকে রাশিয়া শুক্রবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছে যে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ইউক্রেনের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের পর তাঁদের যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার সাংবাদিকদের সেখানে প্রবেশ করতে দেয়া হয়নি৷ সূত্র: বিবিসি বাংলা, ডিডব্লিউ
[b]ঢাকা, ১৬মার্চ, টাইমনিউজবিডি// টিআই[/b]
আন্তর্জাতিক
কী আছে ক্রাইমিয়ার ভাগ্যে?
ইউক্রেনের ক্রাইমিয়া প্রদেশটি দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার অংশ হবে না-কি ইউক্রেনের সঙ্গেই থাকবে— এই প্রশ্নে আজ ক্রাইমিয়াতে গণভোট। এই গণভোটের বৈধতা নিয়ে শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবে রাশিয়া ভেটো দিয়েছে।





