যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান বার্নার্ডিনোতে মুসলিম দম্পতির হামলার পর দেশটিতে মুসলিমদের প্রতি বিদ্বেষ বাড়ছে।

তবে নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও তাঁদের আশ্বস্ত করে বলেছেন, এই শহরে যাতে মুসলিমদের প্রতি কোনো সহিংসতা না হয়, এ ব্যাপারে প্রশাসন ও পুলিশ সতর্ক রয়েছে।

শুক্রবার নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যামাইকায় বাংলাদেশিদের পরিচালিত আল মামুর মসজিদে যান মেয়র ডি ব্লাজিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নিয়ে তিনি স্থানীয় মুসলিম নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

মেয়র ডি ব্লাজিও বলেন, ইসলাম শান্তির ধর্ম। মুসলিমরা সব ধরনের ঘৃণা প্রত্যাখ্যান করে।

এক ঘৃণা থেকে আরেক ঘৃণার জন্ম হয়। এভাবেই ঘৃণার চক্র সৃষ্টি হয়। তাই মুসলিম সম্প্রদায় সহিংস কিছু ঘটার আশঙ্কায় উদ্বিগ্ন।

তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ ভুল ও সহিংস পথ বেছে নিয়েছে। কিন্তু অল্প কয়েকজনের ব্যবহার দিয়ে বাকি সবাইকে চিহ্নিত করা ভুল হবে। এ সময় মসজিদে উপস্থিত বাংলাদেশিরা মেয়র ডি ব্লাজিওকে ধন্যবাদ জানান।

মেয়রের কার্যালয় বলছে, প্যারিসে গত মাসের সন্ত্রাসী হামলা ও সান বার্নার্ডিনোতে সন্ত্রাসী হামলার পর শহরে পুলিশি পাহারা ও নজরদারি বাড়ানো হয়েছে।

মেয়রের দপ্তর থেকে পাঠানো বিশেষ প্রতিনিধিরা বিভিন্ন মসজিদের ইমামদের সঙ্গে কথা বলছেন। তাঁরা মুসলিম নেতাদের নিরাপত্তা দিতে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।

সাম্প্রতিক সময়ে রিপাবলিকান দল নিয়ন্ত্রিত বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর ও নগর প্রশাসন ঘোষণা করেছে, সিরিয়া থেকে কোনো মুসলিম উদ্বাস্তু নেবে না। মেয়র ডি ব্লাজিও এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

শুক্রবার মেয়রের কার্যালয় এক ঘোষণায় বলা হয়, এর মধ্যে তিনটি সিরীয় উদ্বাস্তু পরিবার আশ্রয়ের জন্য নিউইয়র্ক পৌঁছেছে।

এসএইচ