তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর শোকে তার হাজারো ভক্ত মাথা মুড়িয়ে ফেলছেন। সোমবার রাতে মারা যান ছয়বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়া জনপ্রিয় এই নেত্রী।

মঙ্গলবার তার শেষকৃত্যানুষ্ঠানে হাজারো মানুষ যোগ দেয়। ৬৮ বছর বয়সী এই সাবেক অভিনেত্রীকে চেন্নাইয়ের মেরিনা সমুদ্র সৈকতে সমাহিত করা হয়।

তার মৃত্যুতে তামিলনাড়ুতে ভক্তদের মধ্যে শোক তৈরি হয়েছে। তামিলনাড়ুতে ‘আম্মা’ বা মা বলে অভিহিত জয়ললিতার মৃত্যুর শোকে তার হাজারো ভক্ত মাথা মুড়িয়ে ফেলছেন, হিন্দু সংস্কৃতিতে যেটি পিণ্ডিদান বলে পরিচিত। সাধারণত মা কিংবা বাবার মৃত্যুতে মাথা মুড়ানো হয়ে থাকে।

মাত্র ৩ রূপিতে খাবারের জন্য ‘আম্মা ক্যান্টিন’সহ জনগণের সহায়তায় বিভিন্ন জনপ্রিয় পদক্ষেপ গ্রহণ করে রীতিমতো দেবী হিসেবে পূজনীয় ছিলেন জয়ললিতা।

তার অতি আবেগাক্রান্ত সমর্থকরা তার জন্য বিভিন্ন সময় উদ্ভট কাণ্ড করেছে। ২০১৪ সালে তাকে দুর্নীতির অভিযোগে কারাগারে নেয়ার খবরে আত্মহত্যার খবরও আসে। এমনকি তার অসুস্থতার সময়ে মন্ত্রিপরিষদের বৈঠকের মধ্যে তার ছবি রেখে পরিচালনা করা হয়েছে। বিবিসি।
এআই