অবরুদ্ধ গাজা উপত্যকার নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাতে ইহুদিবাদী ইসরাইলের ব্যয় হয়েছে আড়াইশ’ কোটি ডলার। এ তথ্য জানিয়েছে খোদ ইহুদিবাদী সরকার।
ইসরাইলের যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালোন বলেছেন, গাজায় ৫০ দিনের বোমাবর্ষণে ব্যয় হয়েছে ৯০০ কোটি শেকেল (২৫০ কোটি ডলার)।
গাজা উপত্যকার ওপর স্থল, আকাশ ও সমুদ্রপথে ভয়াবহ বোমা হামলার কথা উল্লেখ করে ইয়ালোন বলেন, ৫০ দিনে গাজার প্রায় ৬,০০০ লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করা হয়েছে। এর মধ্যে ৫,০০০ স্থানে বোমা মেরেছে ইসরাইলি বিমান বাহিনী এবং বাকি ১,০০০ অবস্থানে হামলা চালিয়েছে ইসরাইলের স্থল ও নৌবাহিনী।
গাজা থেকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের নিক্ষিপ্ত প্রতিটি রকেট বিধ্বস্ত করার জন্য তেল আবিবের ব্যয় হয়েছে এক লাখ ডলার। ইসরাইলি যুদ্ধমন্ত্রী দাবি করেন, গাজার নারী, শিশু ও বৃদ্ধদের ওপর চালানো এ গণহত্যায় যে বিশাল ব্যয় হয়েছে তা তেল আবিবের জন্য ছিল ‘লাভজনক’।
গাজা উপত্যকার ওপর ইসরাইলি আগ্রাসনের ফলে সৃষ্ট ৫০ দিনের যুদ্ধ গত ২৬ আগস্ট শেষ হয়। মিশরের রাজধানী কায়রোয় স্বাগতিক দেশের মধ্যস্থতায় ইসরাইল ও ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে স্বাক্ষরিত এক দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ওই যুদ্ধ শেষ হয়।
চুক্তি অনুযায়ী গাজার ওপর আরোপিত অবরোধ শিথিল করে তেল আবিব। সেইসঙ্গে ফিলিস্তিনিদের আরও বেশ কিছু দাবি মেনে নিতেও সম্মত হয়। তেল আবিবের স্বীকারোক্তি অনুযায়ী গাজা যুদ্ধে ৬৯ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে যা ফিলিস্তিনি প্রতিরোধ যুদ্ধের ইতিহাসে নজিরবিহীন।
তবে হামাস বলেছে, তারা আরো অনেক বেশি ইসরাইলি সেনাকে খতম করেছে। অন্যদিকে গাজার নিরাপরাধ জনগণের ওপর ইসরাইলের গণহত্যায় শহীদ হয়েছেন প্রায় ২,১৪০ জন ফিলিস্তিনি।(সূত্র: আইআরআইবি)
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





