তুরস্কের সুরুক এলাকায় একটি সাংস্কৃতিক কেন্দ্রে বিস্ফোরণে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ১০০ জন আহত হন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
সোমবার সিরিয়ার কোবানে শহরের কাছে সীমান্তবর্তী সুরুক শহরের প্রসিদ্ধ ‘আমারা কালচারাল সেন্টারে এ বিস্ফোরণ হয়।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা অনলাইন এ খবর জানিয়েছে।
এটি একটি আত্মঘাতি বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট-আইএসের জঙ্গিরা ওই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দেশটির উত্তরাঞ্চলের সাইপ্রাস এলাকায় সফর করছেন। তিনি হামলার নিন্দা জানিয়েছেন। এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে নিন্দা জানান এরদোয়ান।
বিস্ফোরণের সময় কেন্দ্রটিতে বিভিন্ন যুব সংগঠনের প্রায় ৩০০ অতিথি অবস্থান করছিলেন বলে জানা গেছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার কোবানে শহর থেকে আসা শরণার্থীরা সুরুক শহরে তাঁবু গেড়ে বসবাস করছে।
গত বছর জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনী ও কুর্দিদের লড়াই শুরু হওয়ার পর থেকেই অস্থিতিশীল রয়েছে তুরস্কের ওই সীমান্ত অঞ্চল।
এমকে





