ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে নিষিদ্ধ ঘোষিত জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন আরেক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ত্রিপুরার সিপাহিজালা জেলার হিম্মতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটককৃত জাহাঙ্গীর হোসেন (৩২) বাংলাদেশের নাগরিক। তার বাড়ি চট্টগ্রামে।

যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কৃষ্ণ কলই জানান, বৃহস্পতিবার সকালে হিম্মতপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে। যে বাড়িটি থেকে আটক করা হয়েছে তার মালিকের মেয়েকে বিয়ে করেছে জাহাঙ্গীর। বিয়ের পর গত এক বছর সে ওই বাড়িতেই থাকতো।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানিয়েছে সে বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। বর্ধমান বিস্ফোরণকাণ্ডে সে জড়িত ছিল।’

জাহাঙ্গীরকে সোনামুরা মহকুমা আদালতে হাজিরের পর বিচারক তার সাতদিনের রিমাণ্ড মঞ্জুর করেছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়িতে বিস্ফোরণে দুইজন নিহত হয়। নিহত দুজন জেএমবি সদস্য বলে জানিয়েছিল পুলিশ।

ওই বছরের ৯ অক্টোবর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঘটনার তদন্তভার পায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। পরে এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।

এমকে