বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়ার নিখোঁজ বিমানের অনুসন্ধান অভিযান বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অভিযানে পরিণত হতে যাচ্ছে।
কুয়ালালামপুর থেকে বেইজিংগামী মালয়েশিয়ার বিমানটি গত ৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে নাটকীয়ভাবে নিখোঁজ হয়। বিমানটি অস্ট্রেলিয়া উপকূলে ভারত মহাসাগরে বিধ্বস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সেখানে বিমানটি অনুসন্ধানে নেতৃত্ব দেয়া অস্ট্রেলিয়া এ অনুসন্ধান অভিযানের ব্যয়ের ব্যাপারে কোন তথ্য না জানালেও মালয়েশিয়া জানায়, এ অভিযানের ব্যয় ‘অনেক বেশি ’ হবে।
পরিবহন ও প্রতিরক্ষা মন্ত্রী হিশামুদ্দিন হোসাইন বৃহস্পতিবার বলেন, ‘সমুদ্রের সাড়ে চার কিলোমিটার গভীরে গিয়ে বিমানটির ধ্বংস¯তূপের সন্ধান করা সামরিক বাহিনীর পক্ষে কষ্টসাধ্য ব্যয়বহুল হলেও আমরা তা করতে ঠিকাদারের অপেক্ষায় রয়েছি।’
ফ্রোস্ট অ্যান্ড সুলিভান এশিয়া প্যাসিফিকের বিমান চলাচল বিশেষজ্ঞ রবিকুমার মাদাভারাম বলেছেন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও চীন অনুসন্ধান অভিযানে সবচেয়ে বেশি অর্থের যোগানদাতা দেশ। এ অভিযানে এখন পর্যন্ত প্রায় ১০ কোটি ডলার ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে এ অনুসন্ধান অভিযানে মোট কত ব্যয় হতে পারে সেটা বলা অনেক কঠিন হলেও এটা বলা যায় যে, এ অভিযান হবে বিমান চলাচল ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অনুসন্ধান অভিযান। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]