ভারতে অরুণাচল প্রদেশের সীমান্তের ওপারে চীনা সেনার সমাবেশ আগের চেয়ে অনেক বেড়েছে বলে দাবি করেছেন ভারতীয় সেনাবাহিনী।
চীনের সামরিক আগ্রাসন রুখতে তৎপর হয়েছে ভারতীয় সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সীমান্তে দায়িত্ব দেওয়া হয়েছে এক সাহসী মুসলিম নারী সেনা অফিসারকে।
সেই মুসলিম নারী সেনা অফিসারের নাম ক্যাপ্টেন সারিয়া আব্বাসি (২৮)। খবর হিন্দুস্তান টাইমস।
চীনা চালকহীন সশস্ত্র বিমান ও হেলিকপ্টার যাতে ভারতে ঢুকতে না পারে, এ জন্য অত্যাধুনিক ‘এল-৭০’ বিমানবিধ্বংসী কামান নিয়ে কড়া পাহারা দিয়ে চলেছেন সারিয়া।
ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুরে জন্ম সারিয়া আব্বাসি। গোরক্ষপুরের রামজানকী নগরের বাসিন্দা সারিয়ার পরিবারে অনেকেই সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
ছোটবেলা থেকে সেনাবাহিনীতে কাজ করা আত্মীয়দের বীরত্বের কথা শুনেই বড় হয়েছেন তিনি। এখন নিজে সেই বীরগাথার শরিক।
সারিয়ার মা-বাবা অবশ্য সেনাবাহিনীর সঙ্গে যুক্ত নন। তার বাবা তেহসিন আব্বাসি আকাশবাণী গোরক্ষপুরের প্রোগ্রাম হেড। মা রেহানা হাইস্কুলের শিক্ষিকা।
ছোট ভাই তামসিল আহমেদ দিল্লিতে স্নাতকস্তরে পড়াশোনা করছেন। সারিয়া নিজেও অত্যন্ত মেধাবী।
গোরক্ষপুরের জিএন ন্যাশনাল অ্যাকাডেমি স্কুল থেকে পাস করার পর আইএমএস গাজিয়াবাদ থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেছেন।
দেশ-বিদেশের নানা সংস্থা থেকে চাকরির সুযোগ এসেছিল। কিন্তু একঘেয়ে সেই অফিস জীবন সারিয়ার বরাবরই অপছন্দের ছিল।
বরং ছোট থেকে তার স্বপ্নজুড়ে শুধু ছিল দেশপ্রেম এবং সাহসিকতার সাথে দেশ রক্ষা করার দায়িত্ব গ্রহন। সেই স্বপ্নের পথে হেঁটেছেন তিনি। চাকরি ছেড়ে নিজের স্বপ্নকে সফল করেছেন।
তিনি এখন চীন সীমান্তের আকাশ রক্ষার দায়িত্বে। অরুণাচল প্রদেশের চীন সীমান্তে ভারতীয় সেনা অফিসার হিসাবে নিযুক্ত করা হয়েছে তাকে।
বিগত চার বছর ধরে তিনি ভারতীয় সেনাবাহিনীতে সততা ও দক্ষতার সাথে কর্মরত আছেন।
উল্লেখ্য, ২০১৫ সালে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেসের ফরম জমা দিয়েছিলেন। প্রথমবার সাফল্য পাননি।
ভারতে মেয়েদের জন্য মাত্র ১২টি আসন ছিল। কম আসন থাকায় মেয়ের সাফল্য নিয়ে সেভাবে নিশ্চিতও হতে পারেননি তার মা-বাবা।
পরের বছর ফের ওই পরীক্ষায় বসেন। সবাইকে অবাক করে দ্বিতীয়বারের চেষ্টাতে সফল হন সারিয়া।
২০১৭ সালের ৯ সেপ্টেম্বর মায়ের জন্মদিনের দিন লেফটেন্যান্ট পদে যোগ দেন তিনি।
লেফটেন্যান্ট সারিয়া এখন ক্যাপ্টেন সারিয়া। অরুণাচলপ্রদেশের সীমান্তে কড়া প্রহরায় চীনের আগ্রাসনের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছেন।
এইচএন





