ফিলিস্তিনের গাজায় ইজরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত নারী-শিশুসহ অন্তত ১৬৫ জন মারা গেছেন। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এ অবস্থায় ফিলিস্তিনের সাধারণ মানুষের খাবার, ওষুধসহ আনুষাঙ্গিক খরচ যোগাতে ত্রাণ তহবিল গঠন করেছে ঢাকার ফিলিস্তিনি দূতাবাস।

আর্থিক সহায়তা দিতে ইচ্ছুক ব্যক্তিদের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গুলশান শাখায় ‘অ্যাম্বাসি অব দ্য স্টেট অব পেলিস্টাইন-হিসাব নং- ০৫১০৯৫৪০৪-০১’ অ্যাকাউন্টে আর্থিক সাহায্য জমা দেওয়ার আহবান জানানো হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।

এছাড়া সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে যে কেউ দূতাবাসে গিয়ে আর্থিক সহায়তা দিতে পারবেন। ত্রাণ তহবিলে অর্থ সহায়তা দিতে দূতাবাসের পক্ষ থেকে আগামীকাল সোমবার একটি বিকাশ অ্যাকাউন্টও খোলা হবে বলে জানা গেছে।

গত ৬ দিন ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অব্যাহত ইজরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৫ জনে। মঙ্গলবার থেকে চলা ভয়াবহ এই হামলায় আহত হয়েছেন এক হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহত ও আহতের বড় অংশই শিশু ও নারী।

গাজাভিত্তিক ইসলামী সংগঠন হামাসের বিরুদ্ধে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া ইজরায়েলি অভিযানে এটাই প্রথম স্থল হামলা।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির আহবানন জানানোর পরও বিমান হামলা অব্যাহত রাখার পাশাপাশি স্থল হামলা চালাচ্ছে ইজরায়েল। শনিবার এক বিবৃতিতে ইজরায়েল ও গাজা উপত্যকার ফিলিস্তিনিদের যুদ্ধবিরতির আহবান জানায় জাতিসংঘ।

ইসরায়েলের অমানবিক হামলার প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। বিশেষ করে ইজরায়েলের হামলা থেকে শিশুরাও রেহাই না পাওয়ায় ঘৃণা জানাচ্ছে পুরো বিশ্ব।

ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই