জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠক বয়কট করেছে উত্তর কোরিয়া। বৈঠকে দেশটির মানবাধিকার পরিস্থিতির বিষয়টি উত্থাপন হতে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা এ সিদ্ধান্ত নেয়। খবর আলজাজিরার।

নিরাপত্তা কাউন্সিলের সোমবারের (বাংলাদেশ সময় মঙ্গলবার) বৈঠকে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি আলোচিত হতে যাচ্ছে। সম্প্রতি কিম জং-উন সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের একাধিক গুরুতর অভিযোগ উঠায় বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ বৈঠকে যোগ দেবে না। ওই বৈঠকে যাদি দেশটির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তারা এর জবাব দেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

কূটনীতিক কিম সং গত শুক্রবার বার্তা সংস্থা এএফপি’কে বলেছিলেন, যদি কাউন্সিল কোনো পদক্ষেপ নেয় তাহলে তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন।

উত্তর কোরিয়ার দাবি, পরমাণু অস্ত্রসমৃদ্ধ দেশটির নেতৃত্বকে উৎখাত করতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মানবাধিকার ইস্যুকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

দেশটির কর্তৃপক্ষ বলেছে, উত্তর কোরিয়া থেকে পালিয়ে যাওয়া অনেক লোক কমিশনকে মানবাধিকার বিষয়ে তদন্ত চালানোর চিৎকার করতে করতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলছে।

গত মাসেও দেশটির পক্ষ থেকে হুঁশিয়ার করে বলা হয়েছিল, যদি জাতিসংঘ তাদের পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও মানবাধিকার ইস্যুতে কোনো পদক্ষেপ নেয় তাহলে তা বিশ্বের শান্তি এবং নিরাপত্তায় বিঘ্ন ঘটাবে।

এএইচ