করোনাভাইরাসে বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এ মহামারী ১ লাখ ১৯ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, যা প্রথম বিশ্বযুদ্ধের সময় দেশটির মোট প্রাণহানির সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। ওই সময় দেশটির ১ লাখ ১৬ হাজার নাগরিকের মৃত্যু হয়েছিল।

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৩ লাখ ছাড়িয়ে গেছে, মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ মানুষের। একদিনে করোনা রোগী শনাক্তে রেকর্ড সৃষ্টি করেছে ব্রাজিল। সৌদি আরবে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের।

জানা গেছে, ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত চলা প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষ হিসেবে অংশ নেয় যুক্তরাষ্ট্র। বিজয়ী হলেও দেশটির লক্ষাধিক মানুষকে প্রাণ দিতে হয়েছিল ওই যুদ্ধে। অন্তত ১ লাখ ১৬ হাজার ৫১৬ সেনার প্রাণহানি ঘটে। বর্তমানে করোনাভাইরাসের ছোবলে ওই সময়ের চেয়ে বেশি বিপর্যস্ত দেশটি।

ভয়ংকর এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ইতোমধ্যে মারা গেছেন ১ লাখ ১৯ হাজার ১৬১ জন। বিশ্ব তালিকায় শীর্ষে থাকা দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৫০ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা ২২ লাখ ৯ হাজার ২৬০ জন। এর আগে এপ্রিলের শেষদিকে দেশটির করোনায় মৃত্যু ১৬ বছরের ভিয়েতনাম যুদ্ধের প্রাণহানিকেও ছাড়িয়ে যায়।

এদিকে বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ১২টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৩ লাখ ৩১ হাজার ১৩৫ জন। মারা গেছেন ৪ লাখ ৪৮ হাজার ৮৬ জন। অবস্থা আশঙ্কাজনক ৫৪ হাজার ৫৩৩ জনের। সুস্থ হয়েছেন ৪৩ লাখ ৪৯ হাজার ৩৯৬ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৫৫৭ জন, মৃত্যু হয়েছে ৩ হাজার ৪১৫ জনের।

বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেয়া হলেও লাগামহীনভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার নিয়ন্ত্রণের ঘোষণা দেয়ার দিনই দেশটিতে নতুন করে ৩৪ হাজার ৯১৮ রোগী শনাক্ত হয়েছেন, যা ব্রাজিলে একদিনে রোগী শনাক্তের নতুন রেকর্ড। একই সময়ে দেশটিতে মারা গেছেন ১ হাজার ২৮২ জন।

এ নিয়ে দেশটিতে আক্রান্ত ৯ লাখ ৩৪ হাজার ৭৬৯, মারা গেছেন ৪৫ হাজার ৫৮৫ জন। তৃতীয় স্থানে থাকা রাশিয়ায় রোগী ৫ লাখ ৫৩ হাজার ৩০১, মৃত্যু হয়েছে ৭ হাজার ৪৭৮ জনের। চতুর্থ স্থানে ভারত। দেশটিতে আক্রান্ত ৩ লাখ ৬৩ হাজার ২০৯, মৃত্যু হয়েছে ১২ হাজার ৬৫ জনের।


এরপর যুক্তরাজ্যে আক্রান্ত ২ লাখ ৯৯ হাজার ২৫১, মৃত্যু হয়েছে ৪২ হাজার ১৫৩ জনের। স্পেনে আক্রান্ত ২ লাখ ৯১ হাজার ৭৬৩, মারা গেছেন ২৭ হাজার ১৩৬ জন। ইতালিতে আক্রান্ত ২ লাখ ৩৭ হাজার ৫০০, মারা গেছেন ৩৪ হাজার ৪০৫ জন।

দরিদ্রদের বিনামূল্যে করোনা টিকা দেবে যুক্তরাষ্ট্র : যুক্তরাষ্ট্রে দরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে করোনাভাইরাসের টিকা সরবরাহ করা হবে। মঙ্গলবার সকালে এক ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, অরক্ষিত জনগোষ্ঠী, টিকা নেয়ার আগ্রহ থাকলেও আর্থিক সঙ্গতি নেই এমন যে কোনো নাগরিককে বিনামূল্যে এটি সরবরাহ করা হবে।

তিনি বলেন, ফেডারেল সরকারের কাজ হচ্ছে দুর্বল ও সামর্থ্যহীনদের টিকাপ্রাপ্তি নিশ্চিত করা। যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন সরকারের কাছে এমন দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবি ছিল, শুধু ধনীদের জন্য কুক্ষিগত না করে সবার জন্য যেন করোনা টিকা প্রাপ্তি নিশ্চিত করা হয়।

সৌদি আরবে মৃত্যু হাজার ছাড়াল : সৌদি আরবে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার আরও ৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে মৃত্যু দাঁড়ায় ১ হাজার ৯১ জন। একদিনে আরও ৪ হাজার ২৬৭ জন নতুন রোগী শনাক্ত হওয়ায় দেশটিতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩১৫ জন। শনাক্ত রোগীদের মধ্যে এ পর্যন্ত ৮৯ হাজার ৫৪০ জন সুস্থ হয়েছেন।

এমআর