তুরস্কে কুর্দি সমর্থিত বিরোধী দল এইচডিপির দুই নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, সন্ত্রাসবাদবিরোধী তদন্তের অংশ হিসেবে এইচডিপি নেতা সেলাহাত্তিন দেমিরতাস ও ফিজেন ইয়কসেকদাগকে আটক করা হয়েছে। এছাড়া দলের আরো নয় এমপিকেও আটক করা হয়েছে।
এদিকে এইচডিপি নেতাদের আটকের পর টুইটার, ফেসবুক, ইউটিউব ও হোয়াটস অ্যাপ বন্ধ করে দিয়েছে এরদোয়ান সরকার।
পুলিশ শুক্রবার রাতে আঙ্কারায় এইচডিপির কার্যালয়ে অভিযান চালায়। সেখান থেকে দলের কয়েকজন নেতাকে আটক করা হয়।
বিদেশে অবস্থানরত এইচডিপির আরেক নেতা এরতুগ্রুল কারচু বিবিসিকে বলেছেন, তার দলের যেসব নেতাকে আটক করা হয়েছে তা সম্পূর্ণ অবৈধভাবে করা হয়েছে।
তিনি বলেন, ‘রাতের এই অভিযান নিয়মতান্ত্রিক আইন, ফৌজদারি আইন এমনকি সংবিধানের কোনো বিধান অনুসারেই চালানো হয়নি। সম্পূর্ণ বেআইনিভাবে এইচডিপির এমপিদের তুলে নিয়ে যাওয়া হয়েছে।’
এরদোয়ান সরকারের দাবি, এইচডিপির সঙ্গে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) সংশ্লিষ্টতা রয়েছে। তবে এইচডিপি সরকারের এ দাবি অস্বীকার করে আসছে। প্রসঙ্গত, পিকেকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের সন্ত্রাসী তালিকাভুক্ত দল।
এমএনজে





