বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ৫টি ফিসিং ট্রলারসহ ৬১ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এ সময় এদের কাছ থেকে ৩ হাজার ১০০ পিস মা ইলিশ জব্দ করা হয়।
মংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান জানান, মংলা বন্দরের হিরণ পয়েন্টের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে এলাকায় সোমবার রাতে অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা।
এ সময় ওই এলাকায় টহলরত নৌবাহিনী জাহাজ বিএনএস কর্ণফুলি ভারতীয় ৫টি ট্রলার ও ট্রলারে থাকা ৬১ জেলেকে আটক করে।
আটক ভারতীয় জেলেদের মঙ্গলবার দুপুরে দিগরাজ নৌঘাঁটি আনার পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও বেআইনিভাবে মাছ শিকারের অভিযোগ পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
আটক ভারতীয় জেলেদের বুধবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এমআর





