৬৯ তম স্বাধীনতা দিবসের আগে শুক্রবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্করের কড়া বার্তা দিয়েছেন পড়শি পাকিস্তানকে।

কলকাতাভিত্তিক একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী, শুক্রবার পাকিস্তানের নাম না করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, "ভারতীয় সেনা ও অস্ত্র সবসময় তৈরি। যাতে সীমান্তে যেকোনো ধরনের অশান্তি দেখলেই সেনা ব্যবস্থা নিতে পারে। সেনাকে সবরকম পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি রাখা হয়েছে।

অল ইন্ডিয়া রেডিওকে দেয়া তার প্রথম সাক্ষাৎকারে এ কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে পারিক্কর স্পষ্ট করে দেন, "আধুনিক অস্ত্র ও প্রযুক্তি প্রতিদিন উন্নততর হয়ে চলেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরও উন্নত করতে হবে নিজেদের।"

তিনি আরও বলেন, ভারতীয় সেনার হাতে এই মুহূর্তে রয়েছে বিশ্বের সেরা অস্ত্র। সামরিক খাতে এখন বরাদ্দ মঞ্জুর করা হয়েছে ১ লাখ ৬০ হাজার কোটি রুপি। সেনার জন্য সম্প্রতি কেনা হয়েছে প্রায় ৮০০টি 155mm mounted artillery guns। যার জন্য খরচ হয়েছে ১৬ হাজার কোটি রুপি। পাশাপাশি ৩৬টি রাফায়েল এয়ারক্র্যাফ্ট কেনার সিদ্ধান্তও প্রায় পাকা ফ্রান্সের কাছ থেকে। কেনা হচ্ছে বাড়তি গোলাগুলিও।

ইআর