মোবাইলে নিজেই নিজের ছবি অর্থাৎ 'সেলফি' তুলে ফেইসবুক, টুইটার এবং অন্য সামাজিক মাধ্যমগুলোতে শেয়ার করা বর্তমানে একটি সাধারণ প্রবণতা।
কেউ কেউ চিড়িয়াখানা বা সার্কাসে গিয়ে বাঘ, বড় বিড়াল ও বিভিন্ন হিংস্র জন্তুর সাথে ছবি তুলে পোস্ট করে থাকে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্য এধরণের সেলফি তোলার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে আইন করতে যাচ্ছে। আইনটি কার্যকর হবে ২০১৫ সালের শুরুর দিকে।
সম্প্রতি নিউইয়র্ক রাজ্যের সংসদ সদস্য লিন্ডা রোসেনথাল রাজ্যসভায় একটি বিল উত্থাপন করেন। হিংস্র প্রাণীদের সাথে সেলফি তোলা নিষিদ্ধ করার বিষয়ে বিলটিতে বলা হয়।
এ বিষয়ে লিন্ডা রোসেনথাল বলেন, আইনটি কার্যকর হলে মানুষরা আক্রমণ থেকে রক্ষা পাবে এবং পশুদের প্রতি (ছবি তোলার মাধ্যমে) যে অন্যায় করা হয় সেটাও বন্ধ হবে।
চলতি বছরের শুরুতে ওয়াল স্ট্রিট জার্নাল একটি রিপোর্ট প্রকাশ করে। রিপোর্টটিতে বলা হয়, মোবাইল অ্যাপ টিনডার ব্যবহারকারী প্রতি ১০ জনের মধ্যে ১ জন বাঘের ছবি ব্যবহার করেছেন।
উল্লেখ্য, মিসিসিপি, এরিজোনা এবং কানসাস রাজ্যে হিংস্র পশুর সাথে সেলফি তোলা আগে থেকেই নিষিদ্ধ। সূত্র: বিবিসি।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





