ন্যাটো জোটভূক্ত পাঁচটি রাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা ও পরামর্শ দিবে। যুক্তরাজ্যের ওয়েলস-এ অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে এই সিদ্ধান্ত হয়েছে বলে রোববার জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টর একজন সহযোগী ইউরিলিটসেনকো।
তিনি তার ফেইসবুক পেজে লিখেন যে, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড ও নরওয়ে এই পাঁচটি দেশ ইউক্রেনকে সামরিক সহায়তা করবে। এই সহায়তার আওতায় আধুনিক অস্ত্র প্রদান এবং সামরিক পরামর্শ দেওয়ার জন্য উপদেষ্টা নিয়োগের বিষয় দু'টি অন্তুর্ভূক্ত রয়েছে।
সামরিক সহায়তার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্টর সহযোগী বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি এবং তার বক্তব্য তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। শুক্রবার শেষ হওয়া ২ দিনব্যাপী ন্যাটো সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোসেনকো উপস্থিত ছিলেন।
এদিকে ন্যাটো কর্মকর্তারা বলেছেন, ইউক্রেন ন্যাটোভূক্ত রাষ্ট্র নয়। তাই ন্যাটো সেখানে কোনো অস্ত্র পাঠাবে না। তবে ইচ্ছে করলে ন্যাটোভূক্ত যে কোনো দেশ নিজ উদ্যোগে অস্ত্র পাঠাতে পারে।
উল্লেখ্য,ইউক্রেনের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে এ পর্যন্ত দুই হাজার ৫৯৩ জন প্রাণ হারিয়েছে। এদের বেশিরভাগই সাধারণ নাগরিক। শুক্রবার ইউক্রেন সরকার ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, শনিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিওপোলে গোলা হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এই হামলার ফলে যুদ্ধবিরতি চুক্তি ঝুঁকির মু্খে রয়েছে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন।
ঢাকা, ৭ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, টিআই





