সিরিয়ায় তিন বছরের গৃহযুদ্ধে এ পর্যন্ত অন্তত এক লক্ষ ৬২ হাজার লোক নিহত হয়েছেন। লন্ডনভিত্তিক সিরিয়ার সরকারবিরোধীদের সংগঠন 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' সোমবার এ তথ্য জানিয়েছে। এ ছাড়া হাজার হাজার সিরীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছে সংগঠনটি। খবর রয়টার্সের। নিহতদের মধ্যে সরকারপন্থীদের সংখ্যাই বেশি বলে জানিয়েছে সংগঠনটি। সরকারপন্থী সেনাবাহিনী, লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাগোষ্ঠী ও অন্যান্য শিয়া যোদ্ধা গোষ্ঠীগুলোর ৬২ হাজার ৮০০ যোদ্ধা নিহত হয়েছেন এ পর্যন্ত।   অন্যদিকে, সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর ৪২ হাজার ৭০০ যোদ্ধা নিহত হয়েছেন। এসব বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে আল কায়েদা সংশ্লিষ্ট আল নুশরা ফ্রন্টের যোদ্ধারাও রয়েছেন। তাছাড়া, নিহতদের মধ্যে রয়েছেন ৫৪ হাজার বেসামরিক নাগরিক। এ ছাড়া, নিহত তিন হাজারেরও বেশি লোকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তারা কোন পক্ষের। তবে, সিরিয়ান অবজারভেটরি সংস্থাটি জানিয়েছে, প্রকৃত হতাহতের সংখ্যা নিরূপণ করা অসম্ভব। এর আগের ধারণাটি ছিল সিরিয়ার গৃহযুদ্ধে নিহতের সংখ্যা ৭০ হাজার থেকে দুই লাখ ৩০ হাজার।   তবে, লন্ডনভিত্তিক সংগঠনটির হিসেবের মধ্যে ১৮ হাজার মানুষকে অন্তর্ভূক্ত করা হয়নি। তাদেরকে সরকারি বাহিনী ধরে নিয়ে গেছে। তাদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি। অন্যদিকে, বিদ্রোহী যোদ্ধাদের হাতে অন্তত ৮ হাজার সরকারি সৈন্য ও সরকারপন্থী যোদ্ধা আটক রয়েছে। এ ছাড়া, বিদ্রোহীদের বিভিন্ন গ্রুপের মধ্যে অন্তর্কলহে অন্তত ১৫০০ যোদ্ধাকে অপহরণ করা হয়েছে। তাছাড়াও হিসাব ছাড়া নিখোঁজ ও অপহরণের শিকার হয়েছেন আরো শত শত মানুষ। সূত্র: রয়টার্স [b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ [/b]