জাপানের ওকিনাওয়া দ্বীপের স্থানীয় নির্বাচনে মার্কিন বিদ্বেষী গভর্নর প্রার্থী তাকেশি ওনাগা বিজয়ী হয়েছেন। ফলে দ্বীপটিতে মার্কিন সামরিক ঘাঁটি স্থানান্তরের বিষয়ে আমেরিকা ও জাপান সরকার যে পরিকল্পনা করেছিল তা বাধাগ্রস্ত হবে।

ওনাগার এ বিজয়কে নিতান্তই মার্কিন সরকার ও জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের জন্য বিপর্যয় বলে মনে করা হচ্ছে। কারণ নতুন গভর্নর ওকিনাওয়া দ্বীপের কোথাও মার্কিন সামরিক ঘাঁটি রাখতে চান না।

তিনি নির্বাচনের আগে ঘাঁটি স্থানান্তর করার বিষয়ে সরাসরি অবস্থান নিয়েছিলেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ও বর্তমান গভর্নর হিরোকাজু নাকাইমার অবস্থান ছিল ঘাঁটি স্থানান্তর না করার পক্ষে।

জাপানের কিয়োদো বার্তা সংস্থা ওনাগার বিজয়কে ‘ভূমিধস বিজয়’ বলে আখ্যায়িত করেছে। তিনি পেয়েছেন তিন লাখ ৬০ হাজার ৮২০ ভোট। অন্যদিকে হিরোকাজু পেয়েছেন দুই লাখ ৬১ হাজার ৭৬ ভোট।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর তাকেশি ওনাগা পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন যে, তিনি ওকিনাওয়া দ্বীপের কোথাও মার্কিন ঘাঁটি স্থানান্তরের পক্ষে মত দেবেন না।

গত বছর ফুতেনমা বিমান ঘাঁটি সরিয়ে নেয়ার বিষয়টি অনুমোদন করার পর থেকে গভর্নর হিরোকাজু নাকাইমা তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ওকিনাওয়া দ্বীপে মার্কিন ঘাঁটির অবস্থানের বিরুদ্ধে ১৭ বছর ধরে প্রতিবাদ-বিক্ষোভ হয়ে আসছে।

ইআর