আফগানিস্তানের সোমবার তালেবানদের দুটি পৃথক বোমা হামলায় অন্তত ১০ পুলিশ নিহত হয়েছে। অপর এক বোমা হামলায় দুই বেসামরিক লোক আহত হয়েছে। আফগান কর্মকর্তারা এ কথা জানান।

কাবুলের দক্ষিণে অবস্থিত লোগার প্রদেশে এক আত্মঘাতী বোমা হামলাকারী একদল পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা চালায়। এতে কমান্ডারসহ সাত পুলিশ নিহত হয়। খবর এএফপি’র।

প্রাদেশিক পুলিশ প্রধান আব্দুল হাকিম ইশাকজাই বলেন, ‘এক আত্মঘাতী বোমা হামলাকারী আজ সকালে পায়ে হেঁটে আফগান পুলিশের স্থানীয় কমান্ডার পুলি আলমকে লক্ষ্য করে হামলা চালায়। এতে তিনি ও আরো ছয় পুলিশ নিহত হন।’

সামরিক ইউনিফর্ম পরিহিত হামলাকারী এ হামলা চালায়। কমান্ডার একটি বৈঠকে যোগ দিতে তার অফিসে পৌঁছলে তার ওপর এ হামলা চালানো হয়।

লোগারের গণমাধ্যম মুখপাত্র দ্বীন মোহাম্মদ দারউইশ এ হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

অপর এক ঘটনায় সোমবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নগরী জালালাবাদে পুলিশের গাড়ির ওপর রিমোট চালিত বোমার বিস্ফোরণ ঘটানো হলে তিন পুলিশ নিহত হয়। প্রাদেশিক মুখপাত্র আহমেদ জিয়া আব্দুল জিয়া একথা জানান।

অপর এক ঘটনায় রাজধানী কাবুলে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে দুই বেসামরিক লোক আহত হয়েছে।

এমএ