সৌদি আরব ও তার মিত্র কয়েকটি দেশ কর্তৃক কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরও কাতারকে অস্ত্র দেবে ফ্রান্স। এজন্য কাতার ও ফ্রান্সের মধ্যে প্রায় ১৫ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যে এ সম্পর্কিত চুক্তি স্বাক্ষর হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট বর্তমানে কাতার সফরে রয়েছেন।

চুক্তি অনুযায়ী ফ্রান্স কাতারকে যুদ্ধবিমান, অস্ত্রসজ্জিত গাড়ি ও অন্যান্য যুদ্ধসামগ্রী সরবরাহ করবে।সৌদি আরবের নেতৃত্বে চার দেশ কর্তৃক কাতারের সঙ্গে সম্পর্ক ছেদ করার পর দেশটিতে ফ্রান্সের প্রেসিডেন্টের এ সফর বেশ গুরুত্বপূর্ণ।

দোহায় এক যৌথ সংবাদ সম্মেলনে কাতার আমির ও ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, প্রতিবেশী দেশ কর্তৃক এভাবে সম্পর্ক ছিন্ন খুবই দুঃখজনক।কাতার আমির বলেন, আমাদের সম্মান ও সার্বভৌমত্ব সবকিছুর ওপর।

যদি আমাদের ভাইরা (পার্শ্ববর্তী দেশ) সমস্যা সমাধান করতে চায় তাহলে আমরা তাদের স্বাগত জানাব। তবে তা কোনোভাবেই সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে নয়।

এমএ