উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের তিন নেতা এক বিরল সফরে শনিবার দক্ষিণ কোরিয়ায় গেছেন। তাদের এ সফরের মধ্যদিয়ে আন্তঃসীমান্ত সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

উত্তর কোরিয়ার সিনিয়র এ তিন নেতা স্থানীয় সময় সকাল ১০টার পরপরই দক্ষিণ কোরিয়ায় পৌঁছান। টিভি ফুটেজে ইঞ্চিওন বিমানবন্দর থেকে তাদেরকে কঠোর নিরাপত্তা দিয়ে নিয়ে যেতে দেখা যায়। ইঞ্চিওনে এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিতেই তারা এই আকস্মিক সফরে যান।

সরকারি কর্মকর্তারা জানান, তারা উত্তর কোরিয়া বিষয়ক দক্ষিণ কোরিয়ার শীর্ষ কর্মকর্তা, একত্রিকরণ মন্ত্রী রিও কিহল-জয়ে এবং প্রেসিডেন্ট পার্ক গিউন-হায়ের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে এক মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

উল্লেখ্য, ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধর পর থেকেই দুই কোরিয়ার মধ্যে কার্যত একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে।

একত্রিকরণ মন্ত্রনালয়ের মুখাপত্র লিম বিয়ং-চেওল দক্ষিণ কোরিয়ায় সফরে আসা উত্তর কোরিয়ার তিন কর্মকর্তার পরিচয় দিয়েছেন। তারা হচ্ছেন জাতীয় প্রতিরক্ষা কমিশনের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান হোয়াং পিয়ং-সো, চোয়ি রিয়ং-হায়ে ও কিম ইয়ং-গন।

এই তিন শীর্ষ নেতার সফর এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন এক মাস ধরে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে জনসম্মুখে দেখা যাচ্ছে না। এতে দেশটিতে সামরিক অভ্যুত্থানের বিষয় নিয়ে কানাঘুষা হচ্ছে এবং তার শারীকিক অবস্থা ভাল না এমন গুজব রয়েছে।

সিউলে ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়ান স্টাডিজের অধ্যাপক ইয়ং মো-জিন বলেন, উত্তর কোরিয়ার এ দলের দু’জন কিম জং-উনের ঘনিষ্ঠ সহযোগি রয়েছে বলে তিনি মনে করেন।

ইয়ং বলেন, দক্ষিণ কোরিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এসএমএ