স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আমেরিকায় অবস্থানের সময় দেশটির গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলেও যাবেন ভলোদিমির জেলেনস্কি। সেখানে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য আরও মার্কিন সহায়তা পাওয়ার চেষ্টা চালাবেন তিনি।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। সে হিসেবে টানা দেড় বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে যুদ্ধ চলছে।

মূলত রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনের সামরিক বাহিনীকে সহায়তার জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র ও তহবিলসহ সামরিক সরঞ্জাম প্রদান করে আসছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত সপ্তাহে ইউক্রেন সফর করেন এবং ১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেন।

নতুন এই সহায়তা প্যাকেজের মধ্যে ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম ট্যাংক শেলও রয়েছে। যদিও এই ধরনের অস্ত্র ইউক্রেনে পাঠানো হবে না বলে আগে ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এর আগে গত মাসে ইউক্রেনে আরও ২৪ বিলিয়ন ডলার পাঠানোর জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানান বাইডেন।

বিবিসি বলছে, নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিতব্য সাধারণ পরিষদের অধিবেশনে ভলোদিমির জেলেনস্কির বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। এই অধিবেশন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রে সফররত অন্যান্য বিশ্ব নেতাদের সাথেও ইউক্রেনীয় প্রেসিডেন্ট বৈঠক করার পরিকল্পনা করছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভলোদিমির জেলেনস্কি শেষবার লিথুয়ানিয়ায় ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় সরাসরি আলোচনা করেছিলেন। এর আগে তারা মে মাসে জাপানে জি-৭ শীর্ষ সম্মেলনে বৈঠকে বসেছিলেন।

সূত্র: বিবিসি

এনএইচ