নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি শহরে স্কুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৮ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭৯ জন শিক্ষার্থী। সোমবার সকালে স্কুলের অ্যাসেম্বলি চলাকালে এই আত্মঘাতী হামলাটি চালানো হয়। নিহতদের সবার বয়স ১১ থেকে ২০ বলে জানা গেছে। খবর ডনের।

উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ইয়ুবের রাজধানী শহর পুটিসকুমের একটি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতালের মর্গ সূত্র জানিয়েছে, অ্যাসেম্বলি চলাকালে ওই ব্যক্তি পিঠের ব্যাগে করে বোমা নিয়ে এসে বোমার বিস্ফোরণ ঘটায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাপ্তাহিক অ্যাসেম্বলি উপলক্ষ্যে স্কুলটিতে প্রায় ২,০০০ শিক্ষার্থী উপস্থিত হয়েছিল। গভর্নমেন্ট টেকনিক্যাল সায়েন্স কলেজ নামের এই প্রতিষ্ঠানটির প্রশাসনিক ভবনও বিস্ফোরণের চোটে কেঁপে উঠে।

ঘটনার পরপরই সেখানে ছুটে যায় সেনাবাহিনী। কিন্তু উপস্থিত জনতা সেনা সদস্যদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। তাদের অভিযোগ, ওই অঞ্চলে ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বোকো হারাম গত প্রায় ৫ বছর ধরে হাজারো মানুষকে হত্যা ও বাড়িছাড়া করলেও সেনাবাহিনী কোন কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। তবে, শেষ খবর পাওয়া পর্যন্ত বোকো হারাম হামলার দায়ভার স্বীকার করেনি। তবে, ওই অঞ্চলে আত্মঘাতীর মতো হামলা বোকো হারামই চালিয়ে থাকে।

এর মাত্র সপ্তাহখানেক আগে এই শহরেই আরেকটি আত্মঘাতী বোমা হামলায় ৩০ জন নিহত হন। ধর্মীয় ভিন্নমতাবলম্বীরা বোকো হামরা বিরোধী একটি বিক্ষোভের আয়োজন করলে সেখানে এই হামলা চালানো হয়। উল্লেখ্য, বেশ কয়েক মাস আগে উত্তর-পূর্বাঞ্চলীয় কানো শহরে একটি বোমা তৈরির কারখানা খুঁজে পায় সেনাবাহিনী।

এমএ