সিরিয়া সীমান্তে তুরস্কের আকাশসীমায় একটি ড্রোন (মনুষ্যবিহীন বিমান) ভূপাতিক করেছে তুর্কি যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা দাবি করেছেন, ওয়াশিংটন বিশ্বাস করে ড্রোনটি রাশিয়ার তৈরি।

শুক্রবার রয়টার্স অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ায় তাদের সব বিমান ঠিকঠাকভাবে ঘাঁটিতে ফিরে আসছে এবং ড্রোনগুলো পরিকল্পনামতো পরিচালিত হচ্ছে।

ড্রোন ভূপাতিত হওয়ার এই ঘটনা ন্যাটোর সদস্য তুরস্কের জন্য ঝুঁকির বার্তা দিচ্ছে। দেশটির সীমান্তের খুব কাছে সিরিয়া, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলা চালানো হচ্ছে।

তুরস্কের সামরিক বাহিনী জানিয়েছে, তিনবার হুঁশিয়ার করার পরও তাদের আকাশসীমায় ড্রোনটি ঘোরাফেরা করায় যুদ্ধবিমান থেকে সেটিকে গুলি করা হয়। এতে ড্রোনটি ভূপাতিত হয়। তুরস্কের আকাশসীমার মধ্যে ৩ কিলোমিটার ঢুকে পড়েছিল সেটি।

তুরস্কের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এটি একটি ড্রোন। এটি কোনো দেশের, তা শনাক্ত করার চেষ্টা করছি আমরা।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটন বিশ্বাস করে ড্রোনটি রাশিয়ার কিন্তু একেবারেই প্রাথমিক পর্যায়ে এই ধারণা করা হচ্ছে। তিনি এর চেয়ে বিস্তারিত কিছু বলেননি।

রাশিয়ার যুদ্ধবিমান সম্প্রতি দুইবার তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে। এর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তুরস্ক সাফ জানিয়ে দিয়েছে, আবারও এ ধরনের ঘটনা ঘটলে সমুচিত জবাব দেওয়া হবে। কিন্তু তুরস্কের দাবি প্রত্যাখ্যান করে রাশিয়া বলেছে, তাদের কোনো বিমান তুরস্কের আকাশসীমায় লঙ্ঘন করেনি।

কেএইচ