মিশরে মুসলিম ব্রাদারহুডের ৪০ সমর্থককে আটক করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর এক প্রতিবাদ কর্মসূচি পালনকালে তাদের আটক করা হয়।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজধানী কায়রো এবং আলেকজান্দ্রিয়ায় প্রতিবাদকারীরা দেশটির সেনাশক্তির বিরুদ্ধে স্লোগান দিয়েছে।

পুলিশ আরও অভিযোগ করে, আটক ব্যক্তিদের কাছ থেকে আগুন জ্বালানোর উপকরণ, ডিজিটাল ক্যামেরা এবং উস্কানিমূলক লিফলেট উদ্ধার করা হয়।

রাজধানী কায়রোতে প্রতিবাদকারীদের কাছ থেকে একটি ছুড়ি ও গুলির খোসা জব্দ করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা যায়।

এর আগে শুক্রবারের প্রতিবাদ কর্মসূচিকে সামনে রেখে মিশরের পদচ্যুত রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসির সমর্থকদের এক যৌথ বিবৃতিতে বলা হয়, রাজপথে ও স্কয়ারে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চলবে।

উল্লেখ্য, গত বছরের ৩ জুলাই মুরসিকে অপসারণের পর থেকেই মিশরে ভয়াবহ বিশৃঙ্খলা ও সংঘর্ষের ঘটনা ঘটছে।

গত বছরজুড়ে ব্রাদারহুড ও মুরসির সমর্থকরা একনাগারে সাপ্তাহিক প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচি চলাকালে প্রায়ই রাজপথে সেনাশক্তি ও নাগরিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মানবাধিকার সংগঠনগুলোর দেয়া তথ্যমতে, মুরসিকে পদচ্যুত করে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসি ক্ষমতায় আসার পর থেকে বিদ্যমান সংঘাতে প্রায় ১,৪০০ লোকের প্রাণহানী ঘটে।

গত বছরের নভেম্বরে সেনা-সমর্থক সিসি সরকার পুলিশের অনুমতি ব্যতীত সব ধরণের প্রতিবাদ কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর শত শত সরকার-বিরোধী প্রতিবাদকারীকে আটক করে জেলে পাঠানো হয়।

কেবি