ভারতের দিল্লি প্রদেশে ক্ষমতাসীন আম আদমি পার্টির (আপ) সরকারের পতন ঘটাতে একজন বিধায়ককে ২০ কোটি রুপি ঘুষ দিতে চেয়েছে বিজেপি।
আপের একজন বিধায়ক অভিযোগ করেছেন, উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির অনেক শীর্ষ নেতা তাকে কেনার জন্য ২০ কোটি রুপি খরচ করতে চেয়েছেন। এসব শীর্ষ নেতার মধ্যে বিজেপি’র প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদিও রয়েছেন।
কস্তুরবা নগর থেকে নির্বাচিত বিধায়ক মদন লাল আজ সোমবার দাবি করেন, গত ৭ ডিসেম্বর দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন আগে তাকে প্রথম ঘুষের প্রস্তাব দেয়া হয়। অবশ্য তিনি বলেছেন, এ দাবি প্রমাণ করার মতো কোনো দলিল তার কাছে নেই।
সোমবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে আপের এ বিধায়ক আরো বলেন, গতরাতেই তার কাছে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে বলেন, তিনি তাকে একজন বড় ব্যক্তিত্বের সঙ্গে কথা বলিয়ে দেবেন। মদন লাল দাবি করেন, ওই অজ্ঞাত ব্যক্তি ‘বড় ব্যক্তিত্ব’ বলতে অরুণ জেটলির কথা বুঝিয়েছেন। কিন্তু আমি তাকে ধমক দিয়ে ফোন রেখে দিয়েছি।
এ ছাড়া, কয়েকদিন আগে নরেন্দ্র মোদির পক্ষ থেকে দু’ব্যক্তি তার বাসায় এসে তার সঙ্গে সাক্ষাত করেন। তারা তাকে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে আম আদমি পার্টি থেকে বেরিয়ে গিয়ে বিজেপিতে যোগ দেয়ার প্রলোভন দেখান।
মদন লালের ভাষায়, এ কাজে তাদের উদ্দেশ্য ছিল, তাকে আপ সরকার থেকে বের করে নিয়ে এ সরকারের পতন ঘটানো।
ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // টিআই